গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, জনগণের কাছে অবাধ তথ্য পৌঁছে দেওয়ার জন্য সাংবাদিকসহ সব অংশীজনের মতামতের ভিত্তিতে জবাবদিহিতার পরিধি নির্ধারণ করে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বরিশাল সার্কিট হাউজে একটি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, “আধুনিক প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থা ও ইকোসিস্টেমের সঙ্গে নতুন গণমাধ্যমের খাপ খাওয়ানো এখনও হয়নি। আমাদের লক্ষ্য সামগ্রিকভাবে গণমাধ্যম ব্যবস্থাপনাকে আধুনিক ব্যবস্থার মধ্যে আনা। তথ্য মন্ত্রণালয় গড়ে উঠার সময় তথ্য প্রযুক্তিভিত্তিক গণমাধ্যম ছিল না। বর্তমানে তথ্য প্রযুক্তি নির্ভর গণমাধ্যমের প্রসার হয়েছে, কিন্তু সেটার সঙ্গে খাপ খাওয়ানো এখনও পুরোপুরি সম্ভব হয়নি।”
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “বরিশাল আদালতে বিচারক ও আইনজীবীদের মধ্যে মনোমালিন্য ও বিভেদ কেন সৃষ্টি হয়েছে, তা সম্পর্কে আমি পুরোপুরি অবহিত নই। জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানে আইনমন্ত্রীকে সঙ্গে নিয়ে কাজ করব।”
এর আগে তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিআরটিএর চেক বিতরণ করেন। এ সময় ৬১ জন ক্ষতিগ্রস্তকে মোট ২ কোটি ১৭ লাখ টাকার চেক দেওয়া হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে