Views Bangladesh Logo

হাজিদের সোয়া ৮ কোটি টাকা ফেরত দেবে সরকার

 VB  Desk

ভিবি ডেস্ক

লতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারী ৪ হাজার ৯৭৮ জন হজযাত্রীকে ৮ কোটি ২৮ লাখ টাকার বেশি ফেরত দেবে সরকার। হোটেল ভাড়া ও কিছু সেবার ব্যয় প্রত্যাশার তুলনায় কম হওয়ায় এই অর্থ ফেরত দেয়া হচ্ছে।

রোববার (১৩ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ধর্মবিষয়ক উপদেষ্টা এ এফ এম খালিদ হোসেন।

তিনি বলেন, সরকারি ব্যবস্থাপনায় হজের খরচ নির্ধারণের পর হোটেল ভাড়া ও অন্যান্য খরচ কম হওয়ায় কিছু টাকা উদ্বৃত্ত হয়েছে। সেই টাকা প্রত্যেক হজযাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ফেরত দেয়া হবে। এরই মধ্যে ফেরতের পরিমাণ নির্ধারণ করা হয়েছে।

উপদেষ্টা আরও জানান, সরকারি ব্যবস্থাপনার জেনারেল হজ প্যাকেজ-১ ও প্যাকেজ-২-এর আওতায় হজযাত্রীদের মধ্যে যার যেভাবে বাসস্থান বরাদ্দ হয়েছিল, সে অনুযায়ী ফেরতের পরিমাণ নির্ধারিত হবে। এতে ৫ হাজার ৩১৫ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫৩ হাজার টাকা পর্যন্ত ফেরত পাবেন হজযাত্রীরা।

প্রত্যেকের অর্থ ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হবে, যাতে লেনদেনে স্বচ্ছতা ও নিরাপত্তা বজায় থাকে। এ সময় উপদেষ্টা সকল হজযাত্রী ও সাধারণ মানুষকে সতর্ক করে বলেন, মন্ত্রণালয় কখনোই কারো ডেবিট/ক্রেডিট কার্ড নম্বর, পিন নম্বর কিংবা বিকাশ, নগদ বা রকেট-এর মতো মোবাইল ব্যাংকিং-এর তথ্য নেয় না। কেউ এ ধরনের দাবি করলে তা প্রতারণা হিসেবে গণ্য করতে হবে।

এছাড়া, হজ শেষে দেশে ফেরার বিষয়ে তিনি বলেন, চলতি বছর ১০ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। এ সময় দেশে ফিরেছেন ৮৭ হাজার ১৪৫ জন হজযাত্রী। বর্তমানে ৯ জন হজযাত্রী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং হজ মৌসুমে ৪৫ জনের মৃত্যু হয়েছে।

উপদেষ্টা আরও জানান, হজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার কঠোরভাবে কাজ করছে। হজের যাবতীয় খরচ, সেবা এবং ফেরত লেনদেন শতভাগ ব্যাংকিং চ্যানেলে সম্পন্ন করা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ