Views Bangladesh Logo

খাসজমি উদ্ধার করে ভূমিহীনদের মধ্যে বিতরণ করা হবে: ভূমিমন্ত্রী

খাসজমি অবৈধ দখলমুক্ত করে প্রকৃত ভূমিহীনদের মধ্যে বিতরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, এ লক্ষ্যেই সরকারের ১৮০ দিনের কর্মসূচিতে খাসজমি উদ্ধারকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলামের উত্থাপিত জরুরি জনগুরুত্বপূর্ণ মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে ভূমিমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী জানান, দীর্ঘদিন ধরে কোনো এলাকায় বসবাসরত দরিদ্র পরিবারগুলোর মধ্যে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারি খাসজমি বন্দোবস্ত দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজনে প্রতিটি পরিবারকে এক থেকে দুই কাঠা পর্যন্ত জমি দেওয়ার বিষয়ও বিবেচনা করা হবে।

তিনি বলেন, অতীতে দায়িত্বে থাকা কিছু কর্মকর্তার ব্যর্থতা এবং স্থানীয় ভূমিদস্যুদের দখলের কারণে অনেক সরকারি খাসজমি বেহাত হয়েছে। বর্তমান সরকার সেসব জমি উদ্ধার করে প্রকৃত উপকারভোগীদের মধ্যে বিতরণে কাজ করছে।

মিজানুর রহমান মিনু আরও জানান, মাঠপর্যায়ে খাসজমি উদ্ধারে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি খাসজমি উদ্ধার এবং প্রকৃত ভূমিহীনদের মধ্যে স্বচ্ছ ও সুষ্ঠুভাবে জমি বিতরণ নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ