১০ লাখ পরিবারকে সুলভমূল্যে প্রোটিন খাদ্য দেবে সরকার: খাদ্য প্রতিমন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে জনগণের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পবিত্র রমজান মাসে নিম্নআয়ের মানুষের জন্য সুলভমূল্যে প্রোটিনসমৃদ্ধ খাদ্য (দুধ, ডিম, মাংস ও মাছ) সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার। এই কার্যক্রমের আওতায় সারা দেশে প্রায় ১০ লাখ পরিবারকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এতে বাজারে মূল্য নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে এবং সাধারণ ভোক্তারাও উপকৃত হবেন।
বৃহস্পতিবার সকালে মহাখালীস্থ প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান-এর সম্মেলন কক্ষে পবিত্র রমজান মাসে সুলভমূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয়ের কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়নে সরকার সততা ও নিষ্ঠার সাথে কাজ করছে এবং সবার সম্মিলিত সহযোগিতায় দেশের উন্নয়ন ও সমৃদ্ধি সম্ভব হবে।
তিনি উল্লেখ করেন, রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের মূল্য বাড়িয়ে ফেললে তা নিম্নআয়ের মানুষের কষ্ট বাড়িয়ে দেয়। তবে সরকারের এই উদ্যোগ নিম্ন আয়ের মানুষের কষ্ট কমাতে সহায়ক হবে। ভবিষ্যতে এই কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে এবং জনগণের প্রত্যাশা পূরণে সততা, নিষ্ঠা ও সমন্বিত টিমওয়ার্কের ওপর গুরুত্ব দেওয়া হবে।
তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জনগণের কল্যাণে কাজ করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি নিজে কষ্ট ভোগ করেছেন কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করেন নি।
অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি)-এর সভাপতি মশিউর রহমান, বাংলাদেশ ক্যাটল অ্যান্ড ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশন (বিসিএফএফএ)-এর সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইন। এছাড়াও মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে