দুর্ঘটনায় আহতদের জন্য বিনামূল্যে চিকিৎসা দেবে সরকার

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের জন্য সরকার সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহতদের চিকিৎসায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং কুয়েত মৈত্রী হাসপাতালে বিশেষ মেডিকেল টিম মোতায়েন করা হয়েছে।
সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ১টা ১৮ মিনিটে উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কাছে বিধ্বস্ত হয়। এতে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর প্রাণ হারান। এখন পর্যন্ত অন্তত ৬০ জন আহতকে জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে শিশুশিক্ষার্থীরাও রয়েছে।
দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের অন্তত ১০টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয়। উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর ও পূর্বাচল থেকে ইউনিটগুলো সেখানে কাজ করছে। সহায়তায় মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুটি প্লাটুনও।
আইএসপিআর জানায়, এখন পর্যন্ত শতাধিক শিক্ষার্থীকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও উদ্ধার কাজ চলমান রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে