আরও ৯ কার্গো এলএনজি কেনার অনুমোদন দিল সরকার
পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির মধ্যে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সিঙ্গাপুরভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান ট্রাফিগুরা পিটিই লিমিটেডের কাছ থেকে ৯ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার।
বুধবার (১৪ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪৯তম সভায় প্রস্তাবটি অনুমোদন পায়। সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে পারস্পরিক সম্মতির ভিত্তিতে কার্গোর সংখ্যা বাড়ানো বা কমানোর সুযোগও রাখা হয়েছে।
চলতি বছরের ডিসেম্বর থেকে ২০২৭ সাল পর্যন্ত এসব এলএনজি সরবরাহ করা হবে। এ ক্ষেত্রে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটের (এমএমবিটিইউ) দাম জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) সূচকের তুলনায় ১০ সেন্ট কম নির্ধারণ করা হয়েছে।
একই দিনে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০২৬ সালের ৩৩তম সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আরও দুটি এলএনজি ক্রয় প্রস্তাব নীতিগত অনুমোদনের জন্য সুপারিশ করা হয়। এর একটি প্রস্তাবে চেনিয়েরে মার্কেটিং ইন্টারন্যাশনাল এলএলপি ও ট্রাফিগুরা পিটিই লিমিটেডের সরবরাহ প্রস্তাব সরকার থেকে সরকার (জি টু জি) পদ্ধতিতে প্রক্রিয়াকরণের কথা বলা হয়েছে।
অন্য প্রস্তাবে দেশের গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে জরুরি ভিত্তিতে বিপি সিঙ্গাপুর পিটিই লিমিটেড, সাহারা এনার্জি রিসোর্স লিমিটেড এবং শেল ইন্টারন্যাশনাল ট্রেডিং মিডল ইস্ট লিমিটেড এফজেডইর কাছ থেকে সরাসরি এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
মতামত দিন