আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার
বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড ও কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে মোট ছয় কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনতে যাচ্ছে সরকার। এ-সংক্রান্ত দুটি প্রস্তাব অনুমোদনের সুপারিশ করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
শনিবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে কমিটির এ বছরের ৫১তম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে উত্থাপিত দুটি প্রস্তাবই আলোচনার পর সুপারিশ করা হয়।
প্রথম প্রস্তাবে বিপি সিঙ্গাপুর থেকে পাঁচ কার্গো এলএনজি কেনার কথা বলা হয়েছে। সরাসরি ক্রয় পদ্ধতিতে, অর্থাৎ ডিপিএমে এ কেনাকাটা হবে। এ ক্ষেত্রে সরকারি ক্রয় আইন ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয় বিধিমালা ২০২৫-এর ৯৯(২) বিধি অনুসরণ করা হয়েছে।
প্রস্তাবে আরও বলা হয়েছে, প্রয়োজন হলে দুই পক্ষের সম্মতিতে অতিরিক্ত কার্গোও কেনা যাবে। প্রতি এমএমবিটিইউ গ্যাসের দাম ধরা হয়েছে জেকেএম সূচকের চেয়ে ০.১৭ মার্কিন ডলার কম। এ প্রস্তাবে সম্ভাব্য সরবরাহকারী হিসেবে বিপি সিঙ্গাপুরের নাম সুপারিশ করা হয়েছে।
দ্বিতীয় প্রস্তাবে কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে একটি বাড়তি কার্গো কেনার কথা বলা হয়েছে। সরকার-টু-সরকার (জিটুজি) ভিত্তিতে বিদ্যমান দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় এ কার্গো আসবে। এটি আগামী ২০ ডিসেম্বর সরবরাহের কথা। তবে এর দাম চুক্তিতে নির্ধারিত মূল্য থেকে ভিন্ন হবে। প্রস্তাবিত দর জেকেএম সূচকের চেয়ে প্রতি এমএমবিটিইউতে ০.১০ ডলার কম। কাতার এনার্জি ট্রেডিংকেই এ ক্ষেত্রে সুপারিশকৃত সরবরাহকারী করা হয়েছে।
মতামত দিন