Views Bangladesh Logo

লুট হওয়া অস্ত্রের খোঁজ দিলে পুরস্কার দেবে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

জুলাই-আগস্টের গণআন্দোলন চলাকালে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর লুট হওয়া বা হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। সেগুলোর তথ্যদাতাদের আর্থিক পুরস্কার দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রেবাবার (১০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক কোর কমিটির বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধারের উদ্যোগ নিয়েছি। তথ্যদাতাদের জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে এবং শিগগিরই এর পরিমাণ চূড়ান্ত করে গণমাধ্যমকে জানাব। যারা সঠিক তথ্য দেবেন, তাদের পুরস্কৃত করা হবে’।

গাজীপুরে সাংবাদিক তুহিনকে হত্যার ঘটনাটিকে ‘গভীর দুঃখজনক’ এবং ‘সহানুভূতি ও দায়িত্ববোধের বৃহত্তর সামাজিক অবক্ষয়ের প্রতিফলন’ বলেও বর্ণনা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

‘জাতি হিসেবে, আমরা ক্রমশ অসহিষ্ণু এবং অধৈর্য হয়ে উঠছি। আগে মানুষ অন্যায় কাজ প্রতিরোধে দ্রুত এগিয়ে যেত। আজ, অনেকেই ঠেকানোর বদলে ভিডিও রেকর্ড করতে পছন্দ করে। অপরাধ প্রতিরোধ নৈতিক বাধ্যবাধকতাও। দুর্ভাগ্যবশত, সেই কর্তব্যবোধ হারিয়ে যাচ্ছে’- বলেন তিনি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সাংবাদিক হত্যায় জড়িতদের বেশিরভাগকে গ্রেপ্তার করা হলেও কোনো ন্যায়বিচারই প্রাণহানির ক্ষতিপূরণ দিতে পারে না।

‘আইন প্রয়োগকারী সংস্থা সব জায়গায় থাকতে পারে না। আমরা যদি সবাই আরও একটু ধৈর্য এবং দায়িত্বশীলতা দেখাই, তাহলে এ ধরনের ঘটনা কমে যেত’ বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ