Views Bangladesh Logo

চতুর্থ শ্রেণি থেকেই খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণি থেকেই শিক্ষার্থীদের জন্য খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার। প্রাথমিকভাবে সাতটি ইভেন্টের মাধ্যমে এ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

রোববার (২৯ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে সমান গুরুত্ব দিয়ে শিশুদের ডিভাইস আসক্তি কমিয়ে মাঠমুখী করাই সরকারের লক্ষ্য।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে সাতটি ইভেন্ট চালু করা হবে এবং পর্যায়ক্রমে আরও ইভেন্ট যুক্ত করা হবে, যাতে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা যায়।

একই অধিবেশনে ক্রীড়াঙ্গনের দলীয়করণ নিয়ে কঠোর অবস্থানের কথা জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, অতীতে ক্রিকেট বোর্ডসহ বিভিন্ন ক্রীড়াঙ্গনে দলীয় প্রভাব ও রাজনৈতিক হস্তক্ষেপের কারণে ক্ষতি হয়েছে। সেই অবস্থা থেকে বের হয়ে ক্রীড়াকে রাজনীতিমুক্ত করতে কাজ চলছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-তে অতীতের নিয়োগ ও দুর্নীতির অভিযোগ তদন্তে শিগগিরই একটি কমিটি গঠন করা হবে বলেও তিনি জানান। ২০০৮ সালের পর থেকে হওয়া নিয়োগে অনিয়ম থাকলে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বিসিবির কিছু কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অর্থ ও জনবল অপব্যবহারের অভিযোগ রয়েছে। এসব বিষয়ে তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনা হবে।

তিনি বলেন, সরকার খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তুলতে কাজ করছে এবং অবকাঠামোর চেয়ে খেলোয়াড় তৈরিতে এখন বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ