Views Bangladesh Logo

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা অনুযায়ী সিদ্ধান্ত নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনা ও আকাঙ্ক্ষাকে ধারণ করেই বর্তমান সরকার যাবতীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি আরও নিশ্চিত করেছেন যে, জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী যোদ্ধাদের জন্য যে ‘ইনডেমনিটি’ (দায়মুক্তি) দেওয়া হয়েছে, তা সরকার গ্রহণ করবে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান।

সালাহ উদ্দিন আহমদ বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের সময় মোট ১৩৩টি অধ্যাদেশ জারি করা হয়েছিল। আজকের বৈঠকে এসব অধ্যাদেশ বিস্তারিতভাবে পর্যালোচনা করা হবে। সংসদীয় নিয়ম অনুযায়ী, ৩০ কর্মদিবসের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। আমরা প্রতিটি ক্ষেত্রে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সিদ্ধান্ত নেব।”

তিনি আরও জানান, বিভিন্ন প্রতিষ্ঠানের রাজনৈতিক নামকরণের বিষয়ও আজকের বৈঠকের মূল আলোচনার এজেন্ডার মধ্যে রয়েছে। জনগণের দাবির আলোকে বিতর্কিত সব নামকরণ পরিবর্তনের বিষয়ে কার্যকর সিদ্ধান্ত নেওয়া হবে।

সংসদ ভবনে শুরু হওয়া বিশেষ কমিটির বৈঠকে সরকারি ও বিরোধী দলের শীর্ষ নেতারা অংশগ্রহণ করেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ