মাদক ও জুয়ার বিরুদ্ধে দেশব্যাপী অভিযান শুরুর ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
মাদক ও জুয়ার বিরুদ্ধে দেশব্যাপী অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সংসদের চলতি অধিবেশন শেষ হওয়ার পরই এ অভিযান শুরু হবে বলে তিনি জানান।
সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদে জরুরি জনস্বার্থ-সংক্রান্ত নোটিশের জবাবে তিনি এ ঘোষণা দেন।
মন্ত্রী জানান, বর্তমান সংসদ অধিবেশন ৩০ এপ্রিল শেষ হবে এবং এরপরই এই বিশেষ অভিযান কার্যকর হবে।
নোটিশটি উত্থাপন করেন নোয়াখালী-২ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।
তিনি অভিযোগ করেন, রাজধানীর অভিজাত এলাকাগুলোতে আবাসিক ভবন, রেস্তোরাঁ ও ক্যাফের আড়ালে অবৈধ শীশা লাউঞ্জ পরিচালিত হচ্ছে, যা একাধিক অভিযান সত্ত্বেও বন্ধ করা যাচ্ছে না।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার মাদক, অনলাইন জুয়া ও অবৈধ জুয়ার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। এটি নির্বাচনী প্রতিশ্রুতির অংশ। তরুণ সমাজকে রক্ষার জন্য এই ধরনের অপরাধ দমন ছাড়া কোনো বিকল্প নেই।
তিনি আরও জানান, সংসদ শেষ হওয়ার পর একটি সমন্বিত ও সুসংগঠিত অভিযান দেশজুড়ে পরিচালিত হবে।
মন্ত্রী দাবি করেন, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়কালে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি, ব্যবসায়ী ও কিছু প্রশাসনিক কর্মকর্তার ছত্রছায়ায় রাজধানীর গুলশান, বনানী, ধানমন্ডি, মোহাম্মদপুর, উত্তরা ও বারিধারার মতো এলাকায় অবৈধ শীশা বার ও মাদক স্পট গড়ে উঠেছিল।
তিনি বলেন, বিভিন্ন সময় অভিযান চালিয়ে এসব বন্ধ করা হলেও প্রভাব খাটিয়ে আবার চালু করা হয়েছে।
সালাহউদ্দিন আহমদ জানান, এখন থেকে এসব অবৈধ কার্যক্রম ঠেকাতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। কেউ ঠিকানা পরিবর্তন করে বা প্রশাসনকে ফাঁকি দিয়ে ব্যবসা চালাতে পারবে না।
তিনি সতর্ক করে বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান জড়িত পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এমনকি কোনো পুলিশ সদস্যের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধেও তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে