Views Bangladesh Logo

ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি থাকায় লোডশেডিং করতে বাধ্য হচ্ছে সরকার বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে তিনি জানান, রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে লোডশেডিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, 'কৃষি খাতে সেচব্যবস্থা নির্বিঘ্ন রাখতে এবং শহর ও গ্রামের বৈষম্য দূর করতে ঢাকায় পরীক্ষামূলকভাবে লোডশেডিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রামের কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হন এবং পর্যাপ্ত বিদ্যুৎ পান, সেটি নিশ্চিত করতেই এই উদ্যোগ।'

তিনি জানান, গতকাল বুধবার বিদ্যুতের চাহিদা ছিল ১৬ হাজার মেগাওয়াট, বিপরীতে উৎপাদন হয়েছে ১৪ হাজার ১২৬ মেগাওয়াট। ফলে দুই হাজার ৮৬ মেগাওয়াটের ঘাটতি থাকায় লোডশেডিং করতে হচ্ছে।

জ্বালানি সংকট নিরসনে সরকারি ও বিরোধী দলের ঐকমত্য প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, 'গতকাল জ্বালানি বিষয়ে সরকারি ও বিরোধী দল বিশদ আলোচনা করেছে। এই আলোচনার সবচেয়ে বড় অর্জন হলো ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনার সুর প্রতিষ্ঠা। এর ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী দশ সদস্যের কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন, যা জাতির জন্য নতুন পথের দিশা হয়ে থাকবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিরোধীদলীয় নেতার সঙ্গে আলোচনা করে পরামর্শ নেওয়া হয়েছে।'

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ