Views Bangladesh Logo

গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ: স্থানীয় সরকারমন্ত্রী

জোরপূর্বক গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে গুমের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার কথাও জানান তিনি।

শুক্রবার (২৬ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (KIB) মিলনায়তনে ‘ক্ষতিপূরণ ও পুনর্বাসনের অধিকার’ বিষয়ক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, গুমের শিকার পরিবারগুলোর জন্য সরকার একটি বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেবে। এ বিষয়ে চলমান বাজেটে অন্তর্ভুক্তির জন্য সরকারের কাছে প্রস্তাব দেওয়া হবে।

তিনি আরও বলেন, যারা জোরপূর্বক গুমের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে। ভুক্তভোগী পরিবারগুলোর ন্যায়বিচারের জন্য সরকার পাশে থাকবে।

সংলাপে আগের সরকারের সময় গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা নিজেদের কষ্ট, দীর্ঘ অপেক্ষা ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন এবং ক্ষতিপূরণ, পুনর্বাসন ও বিচারের দাবি জানান।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, এখন আর শুধু কান্নার সময় নয়; এখন অধিকার আদায় ও ন্যায়বিচারের সময়।

তিনি মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী করা এবং গুমের ঘটনা তদন্তে সংসদীয় কমিটি গঠনের আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, সানজিদা ইসলাম তুলী এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মো. আমিনুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

গুমের শিকার পরিবারগুলো তাদের স্বজনদের ফিরে পাওয়া, ন্যায়বিচার, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের বিষয়ে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ