বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে সরকার পাশে দাঁড়াবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের ঘরবাড়ি মেরামতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
সোমবার দুপুরে চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার সীমান্তবর্তী দোহাজারীর ইকবাল কনভেনশন হলের সামনে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ আশ্বাস দেন।
প্রতিমন্ত্রী বলেন, দুর্যোগের এই সময়ে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে।
তিনি বলেন, পানি নেমে গেলে উপজেলা প্রশাসন প্রতিটি এলাকায় গিয়ে ক্ষয়ক্ষতির সঠিক চিত্র তুলে আনতে পারবে। এ মুহূর্তে আমাদের প্রধান লক্ষ্য উদ্ধার ও ত্রাণ কার্যক্রম। আমরা দুর্গত মানুষকে নিরাপদে সরিয়ে নিতে চাই এবং তাদের কাছে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দিতে চাই।
পুনর্বাসন কার্যক্রম সম্পর্কে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, পানি নেমে যাওয়ার পর পুনর্বাসনের কাজ শুরু হবে। যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রতিটি ঘর মেরামতে সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে।
তিনি আরও বলেন, যাদের কৃষিজমি পানিতে তলিয়ে গেছে, মাছের ঘের ভেসে গেছে কিংবা গবাদিপশুর ক্ষতি হয়েছে, তাদেরও ক্ষতি কাটিয়ে উঠতে সরকার সহায়তা করবে, যাতে তারা আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।
প্রতিমন্ত্রী জানান, বন্যা পরিস্থিতি বিবেচনায় জুলাই মাসের কিস্তি আদায় সাময়িকভাবে বন্ধ রাখতে এনজিওগুলোর প্রতি সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে চন্দনাইশের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ এবং চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞাও উপস্থিত ছিলেন।
মতামত দিন