খোলাবাজারে সবজি ও কৃষিপণ্য বিক্রি বন্ধ: অর্থ উপদেষ্টা
খোলাবাজারে শাকসবজি ও কৃষিপণ্য বিক্রি বন্ধ করার সিদ্ধান্ত সরকার নিয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে গণমাধ্যমকে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
এই সিদ্ধান্তের পেছনের প্রেক্ষাপট সম্পর্কে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, পণ্যদ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে এই ধরনের কার্যক্রম উল্লেখযোগ্য প্রভাব ফেলেনি। তাই এটা আর চলতে দেয়া হবে না।
এর আগে গত বছরের অক্টোবরে স্বল্প আয়ের মানুষদের জন্য ভর্তুকি মূল্যে শাকসবজি ও কৃষি পণ্য বিক্রি করার জন্য রাজধানীতে একটি পাইলট প্রকল্প শুরু করা হয়। এই প্রকল্পের আওতায় ৬৫০ টাকার প্যাকেজ দেয়া হয়েছিল, যার মধ্যে এক ডজন ডিম, এক কেজি আলু, এক কেজি পেঁয়াজ, এক কেজি পেঁপে, এক টুকরো কুমড়ো, এক কেজি তরমুজ, এক কেজি লাউ, এক বোতল তেল এবং এক কেজি সবুজ মরিচসহ ১০টি কৃষিপণ্য ছিল।
উপদেষ্টা আরও বলেন, বিশেষ ওএমএসের মাধ্যমে ৬৫০ টাকায় যে ১০টি কৃষিপণ্যের প্যাকেজ দেয়া হতো তা স্থগিত করা হয়েছে। ডিসেম্বরে মেয়াদ শেষ হওয়ার পর আর বাড়ানো হচ্ছে না। ১৫ অক্টোবর কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে এই বিশেষ ওএমএস চালু করেছিল সরকার। ৮ লাখের বেশি মানুষ এই কার্যক্রমের সরাসরি সুবিধাভোগী ছিলেন।
সালেহউদ্দিন আহমেদ বলেন, বাজার সহনীয় রাখতে কাজ করছে সরকার। চালের দাম কিছুটা কমেছে। অন্যান্য পণ্যের দামও নিয়ন্ত্রণে আছে। সম্প্রতি যেসব সেবা ও পণ্যের ভ্যাট ও কর বাড়ানো হয়েছে তা আগামী বাজেটে সমন্বয় করা হবে। তবে সার্বিকভাবে ভ্যাট বৃদ্ধিতে বাজারে প্রভাব পরেনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে