Views Bangladesh Logo

জঙ্গল সলিমপুরে কারাগার নির্মাণের সিদ্ধান্ত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় নতুন একটি কারাগার স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এলাকাটিতে তাৎক্ষণিক কোনো উচ্ছেদ অভিযান চালানো হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (৩১ মে) এলাকায় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি জানান, এলাকাটিকে অপরাধীদের জন্য 'নিরাপদ আশ্রয়স্থল' হিসেবে আর থাকতে দেওয়া হবে না। আইনশৃঙ্খলা বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে এনে পরিকল্পিত উন্নয়নের আওতায় আনার লক্ষ্য নিয়েছে সরকার।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারাগার নির্মাণ প্রকল্প শুরু করা হলেও স্থানীয় বাসিন্দাদের স্বার্থ বিবেচনায় নিয়ে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

তিনি আরও জানান, সারা দেশে সন্ত্রাস, মাদক, জুয়া ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে এবং এসব অপরাধ দমনে সমন্বিত অভিযান চলবে।

জঙ্গল সলিমপুর এলাকায় অপরাধী চক্র সক্রিয় রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব চক্র ভেঙে দিতে নিয়মিত ও দীর্ঘমেয়াদি অভিযান চালানো হবে।

কিশোর গ্যাংয়ের সহিংসতা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, কিছু আইন অপব্যবহারের কারণে অপরাধ বাড়ছে, তাই আইনি সংস্কারের প্রয়োজন রয়েছে।

এছাড়া মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন করে দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনার কথাও জানান তিনি। আদালতে মাদক মামলার দীর্ঘসূত্রতা কমাতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

পরিদর্শনের সময় ভূমিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, আইজিপি, বিজিবি মহাপরিচালক, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, র‍্যাব-৭ এর অধিনায়কসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ