পুঁজিবাজার, এনবিআর ও ব্যাংকিং খাত বিকেন্দ্রীকরণ করা হবে: অর্থমন্ত্রী
দেশের অর্থনীতিতে দীর্ঘস্থায়ী অস্থিরতা কাটিয়ে স্বচ্ছতা ও সুশাসন ফেরাতে পুঁজিবাজার, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং ব্যাংকিং খাতকে বিকেন্দ্রীকরণের উদ্যোগ নিয়েছে সরকার। বুধবার (২০ মে) রাজধানীর কারওয়ান বাজারে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি) আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতা পরিলক্ষিত হয়েছে, যার ফলে অনেক প্রতিষ্ঠান অকার্যকর হয়ে গেছে এবং সামগ্রিক আর্থিক ব্যবস্থাপনায় দুর্বলতা দেখা দিয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে সরকার অর্থনৈতিক সংস্কারের অংশ হিসেবে আর্থিক খাতের বিকেন্দ্রীকরণের পরিকল্পনা হাতে নিয়েছে।
ব্যাংকিং খাতের ওপর বিশেষ গুরুত্বারোপ করে অর্থমন্ত্রী বলেন, “কোনো ব্যক্তি নিজেকে ব্যাংকের মালিক দাবি করতে পারেন না; ব্যাংকের মালিকানা শেয়ারহোল্ডারদের, আর ব্যাংকের অর্থ আমানতকারীদের।”
এ সময় তিনি আর্থিক খাতের প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
একই অনুষ্ঠানে অতীতের আর্থিক প্রতিবেদনের কঠোর সমালোচনা করেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, অতীতে আর্থিক রিপোর্ট ছিল খামখেয়ালিপনায় ভরা। এতে প্রতারিত হয়েছে সাধারণ বিনিয়োগকারীরা। সম্পদের সঠিক মূল্য যাচাই না করে বড় বড় ঋণ দেওয়ার কারণে ব্যাংকগুলো খেলাপি ঋণের মুখে পড়েছে এবং একের পর এক আর্থিক কেলেঙ্কারি ঘটেছে।
উল্লেখ্য, দেশের ব্যাংকিং, কর ব্যবস্থাপনা এবং পুঁজিবাজারের সংস্কারের মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার ও স্বচ্ছতা ফেরানোর লক্ষ্যে এই আলোচনা ও পরিকল্পনাগুলো গুরুত্বের সাথে গ্রহণ করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে