ইরানে বাংলাদেশিরা বিপদে পড়লে ফিরিয়ে আনা হবে: শামা ওবায়েদ
মধ্যপ্রাচ্যে চলমান অস্থির পরিস্থিতির মধ্যে যদি ইরানে অবস্থানরত বাংলাদেশিরা জীবননাশের ঝুঁকিতে পড়েন, তবে তাদের দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
মঙ্গলবার (২৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন এবং সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি মনিটর করা হচ্ছে এবং প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
বাংলাদেশিদের ইরান থেকে ফিরিয়ে আনা হবে কিনা এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বর্তমানে ইরানে প্রায় ২ হাজার বাংলাদেশি রয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে, তারা নিরাপদে আছেন। তারা কোনো ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে নেই। তারা নিয়মিত তেহরান মিশনের সঙ্গে যোগাযোগ রাখছেন। যদি তারা কোনো জীবনহানির ঝুঁকিতে পড়েন, অবশ্যই তাদের ফিরিয়ে আনা হবে।
মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তা ও ফেরত পাঠানোর বিষয়ে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ বারবার যুদ্ধ বন্ধের আহ্বান জানাচ্ছে এবং কূটনৈতিক পথে সংকট সমাধানের জন্য চেষ্টা করছে। সংশ্লিষ্ট মিশনগুলো প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে।
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্য থেকে সবাইকে ফিরিয়ে আনা সম্ভব নয়। তবে যারা দেশে ফিরে আসতে চান, তাদের ফেরত পাঠানোর সুযোগ আমরা তৈরি করার চেষ্টা করছি।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ২০ মার্চ চার্টার্ড ফ্লাইটে ১৮৬ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছিল। প্রতিমন্ত্রী জানান, সরকার পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে