দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত
দেশের সব পেট্রোল পাম্পে নজরদারি জোরদার করতে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনলাইন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, দেশের প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন করে ট্যাগ অফিসার নিয়োগ করা হবে। ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এই দায়িত্ব পালন করবে।
ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকা ছাড়া অন্যান্য জেলা ও বিভাগীয় শহরে সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা নিজ নিজ এলাকার প্রতিটি পাম্পের জন্য একজন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ দেবেন।
ট্যাগ অফিসাররা নির্ধারিত নিয়ম অনুযায়ী জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিপিসির নির্দেশনা অনুসারে কাজ করবেন এবং নিয়মিত দৈনিক প্রতিবেদন দাখিল করবেন।
সিদ্ধান্ত অনুযায়ী, দ্রুত সময়ের মধ্যে সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ সম্পন্ন করে সংশ্লিষ্ট তথ্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে পাঠাতে বলা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে