আগামী অর্থবছরে ১৪ লাখ কর্মী বিদেশে পাঠানো হবে: প্রতিমন্ত্রী
আগামী অর্থবছরে (২০২৬-২৭) বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ১৪ লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
সোমবার (৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের দ্বিতীয় বৈঠকে ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।
প্রতিমন্ত্রী জানান, চলতি অর্থবছরের ১ জুলাই ২০২৫ থেকে ৩১ মে ২০২৬ পর্যন্ত সময়ে মোট ৯ লাখ ৩৩ হাজার ৮১৫ জন বাংলাদেশি কর্মী বৈদেশিক কর্মসংস্থান লাভ করেছেন।
তিনি আরও উল্লেখ করেন, বিশ্বের বিভিন্ন দেশে দক্ষ ও পেশাদার কর্মী পাঠানোর মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে সরকারের পক্ষ থেকে নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
বর্তমানে যেসব দেশে বাংলাদেশি কর্মী নিয়োগ বন্ধ বা সীমিত রয়েছে, সেসব শ্রমবাজার পুনরায় চালু এবং সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে মালয়েশিয়া, ওমান, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং বাহরাইনের সঙ্গে দ্বিপাক্ষিক ও কূটনৈতিক আলোচনা চলমান রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে