Views Bangladesh Logo

মূল্যস্ফীতি ৭.৫ শতাংশের মধ্যে রাখার লক্ষ্য

টানা চার বছরের উচ্চ মূল্যস্ফীতিকে নতুন অর্থবছরে ৭ দশমিক ৫ শতাংশের মধ্যে আটকে রাখার আশা করছে বিএনপি সরকার। বৃহস্পতিবার সংসদে বাজেট উপস্থাপনের সময় এ লক্ষ্যের কথা জানান অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তবে এই লক্ষ্য কীভাবে অর্জন করা হবে, তার পরিকল্পনা জানাতে গিয়ে বাজেট বক্তৃতায় অর্থের প্রবাহ নিয়ন্ত্রণের বাইরে নতুন কিছু বলেননি তিনি।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতি আমদানিনির্ভর হওয়ায় বৈদেশিক মুদ্রার বিপরীতে টাকার অবচিতি এবং উচ্চ বিনিময় হার মূল্যস্ফীতিতে বড় ভূমিকা রাখে। এজন্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালীকরণে জোর দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে মুদ্রানীতি ও রাজস্বনীতির কার্যকর সমন্বয়ের মাধ্যমে বাজারে অর্থ সরবরাহ নিয়ন্ত্রিত রাখা হবে। তবে বেসরকারি খাতে ঋণ প্রবাহ যাতে বিঘ্নিত না হয় সেদিকে খেয়াল রাখা হবে।’

বিবিএসের সর্বশেষ তথ্যে দেখা যায়, মে মাসে মূল্যস্ফীতির হার আরও বেড়ে ১৬ মাসের সর্বোচ্চ ৯ দশমিক ৪২ শতাংশে পৌঁছেছে। এর মানে গত বছর মে মাসে যে পণ্য ১০০ টাকায় মিলেছে, এ বছর মে মাসে তা পেতে খরচ হয়েছে ১০৯ টাকা ৪২ পয়সা।

সংকোচনমুখী মুদ্রানীতি অনুসরণ করা থেকে শুরু করে বাজারে অভিযান পরিচালনা পর্যন্ত নানা পদক্ষেপ গত চার বছরে নেওয়া হলেও মূল্যস্ফীতি কমেনি। দেড় বছরের বেশি সময় ধরে নীতি সুদহার ১০ শতাংশে রয়েছে, যা ২০২২ সালের সেপ্টেম্বরে ছিল মাত্র ৫ দশমিক ৫০ শতাংশ।

মূল্যস্ফীতির পারদ বাড়তে শুরু করে মূলত কোভিড মহামারীর ধাক্কায়। তৎকালীন আওয়ামী লীগ সরকার রাশিয়া-ইউক্রেন যুদ্ধকেও এর কারণ হিসেবে সামনে আনে। তবে কোনো কোনো বিশ্লেষক উচ্চ মূল্যস্ফীতির পেছনে আওয়ামী লীগ সরকারের দুর্নীতি ও অর্থপাচারের হাত থাকার কথাও বলেন।

চব্বিশের অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময়েও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসেনি। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ও তৎকালীন গভর্নর আহসান এইচ মনসুর একাধিকবার আশ্বাস দিলেও কাজ হয়নি। গভর্নর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আসার কারণ হিসেবে সরকারের সঙ্গে ‘সমন্বয়হীনতার’ কথা বলেন।

বছরওয়ারি চিত্র বলছে, ২০২১-২২ অর্থবছরে গড় মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ১৫ শতাংশ; ২০২২-২৩ অর্থবছরে তা বেড়ে ৯ দশমিক শূন্য দুই শতাংশ, ২০২৩-২৪ অর্থবছরে ৯ দশমিক ৭৩ শতাংশ এবং ২০২৪-২৫ অর্থবছর শেষ হয়েছে ১০ দশমিক শূন্য তিন শতাংশ নিয়ে। বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে গড় মূল্যস্ফীতি সাড়ে ৬ শতাংশে নামিয়ে রাখার লক্ষ্য থাকলেও এপ্রিল পর্যন্ত গড় দাঁড়িয়েছে ৮ দশমিক ৫৯ শতাংশ।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ