ভবদহ জলাবদ্ধতা নিরসনে আন্তরিকভাবে কাজ করছে সরকার: রিজওয়ানা
যশোরের ভবদহ এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে টেকসই সমাধান খোঁজার লক্ষ্যে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
মঙ্গলবার (২২ এপ্রিল) ভবদহের ২১-ভেন্ট স্লুইসগেট পরিদর্শন শেষে ভবদহ কলেজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ‘সমস্যার স্থায়ী সমাধানে আমরা ইতোমধ্যে একটি সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) শুরু করেছি। চলতি বছর নানা প্রতিকূলতা সত্ত্বেও ২০ হাজার হেক্টর আবাদযোগ্য জমির মধ্যে প্রায় ১৭ হাজার হেক্টরে ধান চাষ করা সম্ভব হয়েছে।’
রিজওয়ানা হাসান জানান, স্থানীয় জনগণ ও বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করেই সরকার এই সংকট সমাধানে এগোচ্ছে। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে জনগণের মতামত ও বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে অন্তত টেকসই সমাধানের পথে যাত্রা শুরু করা।’
তিনি জানান, আসন্ন বর্ষা মৌসুমে সম্ভাব্য দুর্ভোগ লাঘবে সরকার ইতোমধ্যে কয়েকটি তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে অন্যতম আমডাঙ্গা খাল খনন।
তবে তিনি স্বীকার করে বলেন, ‘প্রথমে যে পরিমাণ প্রশস্ত করার পরিকল্পনা ছিল, তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি, কারণ এতে আরও অনেক বেশি সময় লাগত।’
তিনি আরও বলেন, ‘গত বছরের মতো পানি যাতে স্থবির না হয়, তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় হরি, ভদ্রা ও আপার ভদ্রা নদী খননের প্রস্তুতি নেয়া হয়েছে।’
রিজওয়ানা হাসান জানান, কিছু প্রাকৃতিক বিষয় নিয়ন্ত্রণের বাইরে থাকলেও জলাবদ্ধতা পরিস্থিতির যেন পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য সরকার সব ধরনের উদ্যোগ নিচ্ছে।
তিনি জানান, বিদ্যুৎ মন্ত্রণালয় কৃষকদের স্বস্তি দিতে সেচে বানিজ্যিক হারে বিদ্যুৎ বিল নেয়ার নিয়ম শিথিল করেছে, বিশেষ করে যেসব জমি পাঁচ মাস ধরে পানির নিচে ছিল।
এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ, পানিসম্পদ সচিব নজমুল আহসান, কৃষি সচিব ড. এমদাদ উল্লাহ মিঞা, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম এবং ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ওসমান সরওয়ার।
এর আগে উপদেষ্টারা নওয়াপাড়া সরকারি কলেজে সেনাবাহিনী পরিচালিত এক ব্রিফিংয়ে অংশ নেন, যেখানে ভবদহ জলাবদ্ধতা সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে