নতুন বিনিয়োগকারীদের জন্য সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়ছে
সঞ্চয় কর্মসূচিগুলোর (স্কিম) মুনাফার হার বাড়ছে নতুন বছরের শুরুতেই। তবে এই নতুন হার প্রযোজ্য হবে নতুন বিনিয়োগকারীদের জন্য। তবে ১ জানুয়ারির আগের বিনিয়োগকারীরা সঞ্চয়পত্রের মুনাফা আগের হারেই পাবেন।
সঞ্চয়পত্রের ধরন অনুযায়ী এ হার বেড়ে হতে যাচ্ছে ১২ দশমিক ২৫ শতাংশ থেকে ১২ দশমিক ৫৫ শতাংশ পর্যন্ত। বর্ধিত হার নির্ধারণের আদেশ জারি করতে অভ্যন্তরীণ সম্পদ বিভাগকে (আইআরডি) গতকাল বুধবার অনুরোধ করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস অর্থ বিভাগের তৈরি এ বিষয়ে প্রস্তাব অনুমোদন করেছেন বলে জানা গেছে।
সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, সঞ্চয়পত্রের মুনাফার হার নির্ধারণ করা হবে ৫ বছর মেয়াদি ও ২ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের গড় সুদের হার অনুযায়ী।
তবে নতুন মুনাফার হার নির্ধারণ করতে এ দুই ধরনের ট্রেজারি বন্ডের সর্বশেষ ছয়টি নিলামকে বিবেচনায় রাখতে হবে। ছয় মাসের বন্ডের সুদের গড় হার বেরও করে দিয়েছে অর্থ বিভাগ। এহার ১২ দশমিক ২৫ থেকে ১২ দশমিক ৩৭ শতাংশ পর্যন্ত।
নতুন হার ১ জানুয়ারি থেকে জুন মাসের জন্য। ছয় মাস পর নতুন হার নির্ধারণ করা হবে, যা প্রযোজ্য হবে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে