ওয়ান সিটিজেন, ওয়ান কার্ড উদ্যোগ চলছে: অর্থমন্ত্রী
দেশের সাধারণ মানুষের জন্য কল্যাণমুখী রাষ্ট্র ও মানবিক অর্থনীতি গঠনে সরকার ব্যাপক সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘সংকটকালের বাজেট ও জনপ্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিকে কিছু গোষ্ঠীর নিয়ন্ত্রণ থেকে বের করে সাধারণ মানুষের কল্যাণে নিয়ে আসাই সরকারের মূল লক্ষ্য। প্রান্তিক জনগোষ্ঠী—যেমন কামার, কুমার, তাঁতিসহ নানা শ্রেণিকে অর্থনীতির মূলধারায় যুক্ত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, সংস্কৃতি ও সৃজনশীল অর্থনীতি বিকাশেও নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে। থিয়েটার, সংগীত, আর্ট ও অন্যান্য সৃজনশীল খাতকে অর্থনীতিতে যুক্ত করতে বিশেষ প্রকল্প ও তহবিল বরাদ্দের পরিকল্পনা রয়েছে।
বড় শহরগুলোতে ‘থিয়েটার ডিস্ট্রিক্ট’ গড়ে তোলার কথাও জানান তিনি।
প্রশাসনিক ও ব্যবসায়িক প্রক্রিয়া সহজ করতে সরকার ডিজিটাল অটোমেশনের দিকে যাচ্ছে বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে পুরো অর্থনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থাকে ডিজিটাল ব্যবস্থার আওতায় আনার লক্ষ্য রয়েছে। একইসঙ্গে ‘ওয়ান সিটিজেন, ওয়ান কার্ড’ উদ্যোগের মাধ্যমে নাগরিক সেবাগুলো একক ব্যবস্থায় আনার কাজ চলছে।
তিনি জানান, ব্যবসা পরিচালনার জটিলতা ও আমলাতান্ত্রিক হয়রানি কমাতে বিভিন্ন অনুমোদন প্রক্রিয়া সহজ করা হচ্ছে। প্রকল্প বাস্তবায়নও নির্দিষ্ট সময়সীমার মধ্যে সম্পন্ন করতে মনিটরিং জোরদার করা হবে।
পুঁজিবাজার ও বন্ড মার্কেট শক্তিশালী করার পরিকল্পনার কথাও তুলে ধরেন অর্থমন্ত্রী। পাশাপাশি বড় কোম্পানিগুলোর জন্য পুঁজিবাজারে তালিকাভুক্তি বাধ্যতামূলক করার বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানান তিনি।
কর ব্যবস্থাপনায় সংস্কার, কর ফাঁকি রোধ এবং বড় কোম্পানির প্রকৃত কর আদায় নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি। ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সহজ ফ্ল্যাট ট্যাক্স ব্যবস্থা চালুর পরিকল্পনার কথাও উল্লেখ করেন।
অর্থমন্ত্রী দেশবাসীকে আগামী দুই বছর ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, সরকারের লক্ষ্য শুধু প্রবৃদ্ধি নয়, বরং সেই প্রবৃদ্ধির সুফল সাধারণ মানুষের জীবনে পৌঁছে দেওয়া।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে