চট্টগ্রামে জামায়াত নেতার মাদ্রাসায় মিলল সরকারি ধানের বীজ
চট্টগ্রামের লোহাগাড়ায় জামায়াতে ইসলামীর এক নেতার পরিচালিত মাদ্রাসা থেকে কৃষকদের মধ্যে বিনা মূল্যে বিতরণের জন্য বরাদ্দ করা ১৩ বস্তা আমন ধানের বীজ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে উপজেলার চরম্বা ইউনিয়নের জামেউল উলুম মাদ্রাসা থেকে এসব বীজ উদ্ধার করা হয়। বীজগুলো কৃষকদের মধ্যে বিতরণের কথা থাকলেও তা নির্ধারিত সময়ে বিতরণ করা হয়নি।
অভিযুক্ত জামায়াত নেতার নাম শামসুল ইসলাম হেলালী। তিনি চরম্বা ইউনিয়ন জামায়াতের আমির। একই সঙ্গে তিনি জামেউল উলুম মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারের (অধ্যক্ষ) দায়িত্বে রয়েছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজিদ-বিন-আকন্দ মাদ্রাসাটি পরিদর্শনে গেলে সুপারের কার্যালয়ের পাশে একটি কক্ষ তালাবদ্ধ দেখতে পান। পরে তাঁর নির্দেশে কক্ষটি খুলে ১৩ বস্তা আমন ধানের বীজ উদ্ধার করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম বলেন, প্রায় ২০ দিন আগে কৃষকদের মধ্যে বিনা মূল্যে বিতরণের জন্য বীজগুলো দেওয়া হয়েছিল। চরম্বা ইউনিয়ন দূরবর্তী হওয়ায় কৃষকদের দুজন প্রতিনিধির মাধ্যমে বীজ পাঠানো হয়। প্রায় ১৫ দিন আগেই এসব বীজ কৃষকদের মধ্যে বিতরণের কথা ছিল।
তিনি বলেন, বীজগুলো কেন নির্ধারিত সময়ে বিতরণ করা হয়নি এবং কীভাবে সেগুলো একজন রাজনৈতিক নেতার কাছে গেল, তা তদন্ত করে দেখা হবে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগের বিষয়ে শামসুল ইসলাম হেলালী বলেন, কৃষকদের মধ্যে বিতরণের জন্য তাদের ১৭ বস্তা বীজ দেওয়া হয়েছিল। এর মধ্যে চার বস্তা বিতরণ করা হয়েছে। বাকি বীজ তিনি মাদ্রাসায় রেখে দিয়েছিলেন। ব্যস্ততার কারণে সেগুলো আর বিতরণ করা সম্ভব হয়নি।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজিদ-বিন-আকন্দ বলেন, উদ্ধার করা বীজগুলো স্থানীয় কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে। এ ঘটনায় মাদ্রাসার সুপারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের জবাব পাওয়ার পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
মতামত দিন