এমবাপেকে বাংলাদেশে আনার পরিকল্পনার কথা জানাল সরকার
‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ জাতীয় ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার কিলিয়ান এমবাপেকে বাংলাদেশে আনার ইচ্ছার কথা জানিয়েছে সরকার।
সোমবার সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ ব্রিফিংয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ পরিকল্পনার কথা জানান।
এর আগে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে টুর্নামেন্টের জাতীয় স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী সেপ্টেম্বরে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ জাতীয় ফুটবল প্রতিযোগিতা আয়োজন করা হবে। এতে দেশের প্রায় ৫০ হাজার স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ভোকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেবে।
প্রতিযোগিতায় ছেলে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাধ্যতামূলক, আর মেয়ে শিক্ষার্থীদের জন্য অংশগ্রহণ ঐচ্ছিক রাখা হয়েছে।
ব্রিফিংয়ে মীর শাহে আলম বলেন, সরকার বিশ্বখ্যাত ফুটবলার কিলিয়ান এমবাপেকে বাংলাদেশে আনার চেষ্টা করবে। তবে এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত, আনুষ্ঠানিক চুক্তি বা সফরের সময়সূচি ঘোষণা করা হয়নি।
তিনি আরও বলেন, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান যদি এই টুর্নামেন্টে দল অংশগ্রহণ না করায়, তাহলে তাদের এমপিও (মাসিক বেতন-ভাতার সরকারি অনুদান) বন্ধ করে দেওয়ার ব্যবস্থা নেওয়া হতে পারে।
এ ছাড়া প্রতিযোগিতা সফলভাবে আয়োজনের জন্য শিক্ষা বোর্ডগুলোর তহবিল থেকে অর্থ সংগ্রহ করে জেলা প্রশাসকদের মাধ্যমে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়ারও অনুরোধ জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।
মতামত দিন