Views Bangladesh Logo

তারেক রহমানকে সভাপতি করে পার্বত্য চট্টগ্রামবিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন

 VB  Desk

ভিবি ডেস্ক

পার্বত্য চট্টগ্রাম নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রাধিকার নির্ধারণ, বিভিন্ন কার্যক্রমের বাস্তবায়ন তদারকি এবং অঞ্চলের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সমন্বয় জোরদারের লক্ষ্যে ‘পার্বত্য চট্টগ্রামবিষয়ক জাতীয় কমিটি’ পুনর্গঠন করেছে সরকার। ১৯ সদস্যের এই কমিটির সভাপতি করা হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে।

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে কমিটি পুনর্গঠনের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটিতে ৯ জন মন্ত্রী ও উপদেষ্টা সদস্য হিসেবে রয়েছেন। এর বাইরে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, তিন পার্বত্য জেলা থেকে নির্বাচিত সংসদ সদস্যরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাবিষয়ক মুখ্য সমন্বয়ক এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের মহাপরিচালককে সদস্য করা হয়েছে।

কমিটির প্রধান সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান সমন্বয়ককে। আর প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের মহাপরিচালক দায়িত্ব পালন করবেন সদস্য-সচিব হিসেবে।

পুনর্গঠিত জাতীয় কমিটি পার্বত্য চট্টগ্রাম-সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রাধিকার নির্ধারণের পাশাপাশি এসব কার্যক্রমের আয়-ব্যয় ও বাস্তবায়ন পরিস্থিতি তদারকি করবে। একই সঙ্গে অঞ্চলে নিয়োজিত বিভিন্ন নিরাপত্তা বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যপরিধি এবং কর্মক্ষেত্র নির্ধারণেও কমিটি ভূমিকা রাখবে।

পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নের জন্য জাতীয় কর্মকৌশল প্রণয়ন এবং তা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়াও কমিটির দায়িত্বের মধ্যে রাখা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রয়োজন অনুযায়ী কমিটি যেকোনো মন্ত্রণালয়, নিরাপত্তা বাহিনী কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাকে সভায় আমন্ত্রণ জানাতে পারবে।

কমিটির প্রাতিষ্ঠানিক ও দাপ্তরিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব, অর্থাৎ সচিবালয়ের দায়িত্ব পালন করবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবির। খবর: বাসস।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ