নতুন যানবাহন কেনা ও বিদেশি প্রশিক্ষণ তিন মাসের জন্য বন্ধ: মন্ত্রিপরিষদ সচিব
জ্বালানি সংকট ও বৈশ্বিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে আগামী তিন মাসের জন্য নতুন যানবাহন কেনা, সরকারি অর্থায়নে বিদেশে প্রশিক্ষণসহ একাধিক ব্যয় সংকোচনমূলক সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার (২ এপ্রিল) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। পরে রাত ১২টার দিকে সাংবাদিকদের তিনি বিষয়টি অবহিত করেন।
তিনি বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি অর্থায়নে সব ধরনের বিদেশি প্রশিক্ষণ বন্ধ থাকবে। পাশাপাশি অভ্যন্তরীণ প্রশিক্ষণ ব্যয় ৫০ শতাংশ কমানো হবে। নতুন কোনো যানবাহন, জলযান বা আকাশযান কেনা হবে না। একই সঙ্গে কম্পিউটারসহ অন্যান্য সরঞ্জাম ক্রয়ও স্থগিত রাখা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, সভা-সেমিনারের ব্যয় ৫০ শতাংশ এবং জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস খাতে ব্যয় ৩০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপ্রয়োজনীয় ভ্রমণ ব্যয়ও ৩০ শতাংশ হ্রাস করা হবে।
তিনি বলেন, চলমান বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দেশের প্রায় ৮০ শতাংশ তেল আমদানিনির্ভর হওয়ায় আন্তর্জাতিক বাজারের ওঠানামার প্রভাব সরাসরি পড়ছে। এ অবস্থায় সরকার মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও কাজাখস্তান থেকে জ্বালানি আমদানির উদ্যোগ নিয়েছে।
এছাড়া জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আগামী রোববার থেকে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ব্যাংকিং সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। সব ধরনের দোকান ও শপিং মল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করতে হবে। তবে খাদ্য ও ওষুধসহ জরুরি সেবা এই নির্দেশনার বাইরে থাকবে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, এসব সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দেওয়া হয়েছে এবং মনিটরিং জোরদার করা হবে। পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতে আরও পদক্ষেপ নেওয়া হতে পারে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে