৪৬১৫ রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ
বিভিন্ন সময় ‘রাজনৈতিক কারণে’ দায়ের করা ৪ হাজার ৬১৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে সরকারের মন্ত্রণালয় পর্যায়ের কমিটি।
বুধবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।
এতে বলা হয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে ‘রাজনৈতিক হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারে সুপারিশ করার লক্ষ্যে গঠিত মন্ত্রণালয় পর্যায়ের কমিটি এ পর্যন্ত ছয়টি সভায় মোট ৪ হাজার ৬১৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে।
রাজনৈতিক প্রতিহিংসা ও অন্যান্য কারণে রাজনৈতিক নেতা-কর্মী, নিরীহ ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা ‘হয়রানিমূলক সব মামলা প্রত্যাহারের’ সুপারিশ করার জন্য দু্ইটি কমিটি গঠন করেছে সরকার।
এর মধ্যে একটি জেলা পর্যায়ের কমিটি, আরেকটি মন্ত্রণালয়ের।
আইন উপদেষ্টার নেতৃত্বে মন্ত্রণালয় পর্যায়ের কমিটি ছয় সদস্যের। এই কমিটির নেতৃত্ব দিচ্ছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে