ডিজেলচালিত বাসের ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১১ পয়সা
ঢাকা ও চট্টগ্রামের দূরপাল্লা এবং আন্তঃজেলার বাসে প্রতি কিলোমিটারে ১১ পয়সা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন এই ভাড়া আজ থেকেই কার্যকর হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে মালিক-শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ ঘোষণা দেন।
মন্ত্রী বলেন, ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে দূরপাল্লার গাড়িতে প্রতি কিলোমিটারে ভাড়া ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া আন্তঃজেলার প্রতি কিলোমিটারেও বাড়ানো হবে ১১ পয়সা।
তিনি আরও বলেন, ডিজেলচালিত বাসের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে। সিএনজিচালিত বাসের ক্ষেত্রে ভাড়া বৃদ্ধির বিষয়টি বিবেচিত হবে না।
সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘জ্বালানি তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জ্বালানি তেলের দাম কমে গেলে বাস ভাড়া আবার কমবে।’
বাস ভাড়া বাড়লেও রেলওয়ে এবং নৌ পরিবহনের ভাড়া নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান মন্ত্রী। এর আগে গত ২২ এপ্রিল জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এক বৈঠকে ভাড়া নির্ধারণের বিষয়ে আলোচনা হলেও তিনি জানিয়েছিলেন, সভায় পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ হয়নি। বাস-ট্রাকসহ পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে বৃহস্পতিবার সিদ্ধান্ত হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে