ইমাম-মুয়াজ্জিনদের বিনা সুদে ঋণ ও আর্থিক সহায়তা দিচ্ছে সরকার
দেশব্যাপী ইমাম ও মুয়াজ্জিনদের জন্য বিনা সুদে ক্ষুদ্রঋণ ও আর্থিক সহায়তা প্রদান করছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের আওতায় এই সহায়তা দেয়া হচ্ছে।
সোমবার (২৪ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমিতে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম ও মুয়াজ্জিনদের জন্য এই ঋণ ও অনুদান দেয়া হচ্ছে।
২০২৪-২৫ অর্থবছরে ৬০০ ইমাম ও মুয়াজ্জিনের মধ্যে মোট ১ কোটি ৮০ লাখ টাকা বিনা সুদে ঋণ হিসেবে বিতরণ করা হয়েছে।
এছাড়া, দেশব্যাপী ৪ হাজার ৬২০ জন ইমাম ও মুয়াজ্জিনের জন্য ২ কোটি ৩১ লাখ টাকা আর্থিক সহায়তা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা জেলায় ২৯৫ জনের মাঝে ১৪ লাখ ৭৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে, বাকি অর্থ পর্যায়ক্রমে বিতরণ করা হচ্ছে।
চলতি অর্থবছরে এই দুটি কল্যাণ কর্মসূচির আওতায় মোট ৪ কোটি ১১ লাখ টাকা বিতরণ করা হচ্ছে।
উল্লেখ্য, ২০০১ সালে প্রতিষ্ঠিত ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট দুর্ঘটনা, অক্ষমতা বা গুরুতর অসুস্থতার কারণে আর্থিক সংকটে পড়া ইমাম ও মুয়াজ্জিনদের সহায়তা প্রদান করে। এছাড়া, প্রয়াত ইমাম ও মুয়াজ্জিনদের পরিবারের জন্যও অনুদান দেয়া হয়। ট্রাস্টটি ইমাম ও মুয়াজ্জিনদের সন্তানদের শিক্ষার জন্যও আর্থিক সহায়তা প্রদান করে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে