Views Bangladesh Logo

দীপু চন্দ্র দাসের পরিবারকে বাড়ি নির্মাণসহ আর্থিক সহায়তা দেবে সরকার

 VB  Desk

ভিবি ডেস্ক

য়মনসিংহের ভালুকায় হত্যার শিকার দীপু চন্দ্র দাসের পরিবারকে আর্থিক সহায়তা ও বাড়ি নির্মাণে সহযোগিতা দেবে সরকার। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পরামর্শে গত ২৩ ডিসেম্বর শিক্ষা উপদেষ্টা ড. সিআর আবরার দীপু দাসের বাড়ি পরিদর্শন করেন এবং পরিবারের প্রতি সরকারের সহমর্মিতা জানান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তারাকান্দা উপজেলার ইউএনও’র তত্ত্বাবধানে এই সহায়তা কার্যক্রম বাস্তবায়িত হবে। পরিবারের চাহিদা অনুযায়ী বাড়ি নির্মাণের জন্য ২৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ বাস্তবায়ন করবে। পাশাপাশি নগদ আর্থিক সহায়তা হিসেবে দীপু দাসের বাবা ও স্ত্রীকে ১০ লাখ টাকা করে দেওয়া হবে। তার সন্তানের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য ৫ লাখ টাকার একটি এফডিআর করা হবে।

এ বিষয়ে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) শিক্ষা উপদেষ্টা ড. সিআর আবরার বলেন, দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ড একটি নৃশংস অপরাধ, যার কোনো অজুহাত নেই এবং সমাজে এর কোনো স্থান হতে পারে না। তিনি বলেন, পরিবারের জন্য সরকারের এই সহায়তা একটি জীবনের তুলনায় কিছুই নয়, তবে রাষ্ট্র সুবিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, সাম্প্রদায়িক উন্মাদনা ছড়িয়ে যেভাবে দীপু দাসকে হত্যা করা হয়েছে তা পুরো জাতির জন্য লজ্জাজনক। ন্যায়বিচারই কেবল এই লজ্জা থেকে জাতিকে মুক্ত করতে পারে।

শিক্ষা উপদেষ্টা বলেন, মতভেদ বা আপত্তির কোনো পরিস্থিতিতেই কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারে না। এই ঘটনায় জড়িত সকলকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচারের আওতায় আনা হবে।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর রাতে ভালুকার জামিরদিয়া এলাকার পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড কারখানায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে দীপু চন্দ্র দাসকে গণপিটুনি দেওয়া হয়। পরে তার মরদেহ ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে নিয়ে গিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। পুলিশ রাত আড়াইটার দিকে অর্ধপোড়া মরদেহ উদ্ধার করে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ