Views Bangladesh Logo

স্কুল পর্যায়ে সংগীত শিক্ষা চালুর উদ্যোগ সরকারের: প্রতিমন্ত্রী

দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত পাঠ্যক্রমের পাশাপাশি সংগীত শিক্ষা চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা পর্যায়ে ক্লাস্টারভিত্তিক কার্যক্রমের মাধ্যমে স্কুলগুলোতে সংগীত শিক্ষা পৌঁছে দেওয়া হবে। প্রশিক্ষকরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে ক্লাস নেবেন।

তিনি আরও বলেন, দেশের প্রতিটি জেলা ও উপজেলায় স্কুল পর্যায়ে সাংস্কৃতিক কার্যক্রম সম্প্রসারণের সিদ্ধান্ত ইতোমধ্যে নেওয়া হয়েছে। শিক্ষার পাশাপাশি সংগীত শিক্ষাকেও গুরুত্ব দেওয়া হবে।

ক্রীড়া মন্ত্রণালয়ের মতো সংগীত ক্ষেত্রেও নিয়মিত প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রী।

উপজেলা ও জেলা পর্যায়ে সংগীত শিক্ষক নিয়োগ বাতিল সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, অতীতে কিছু প্রতিষ্ঠানে সংগীত শিক্ষক থাকলেও সর্বত্র এ ব্যবস্থা ছিল না। কিছু সিদ্ধান্ত তখন নেওয়া হয়েছিল, যেগুলো পরবর্তীতে পুনর্বিবেচনার প্রয়োজন হতে পারে।

পহেলা বৈশাখ উদযাপন প্রসঙ্গে তিনি বলেন, ঐতিহ্য ও সাংস্কৃতিক মূল্যবোধকে আরও শক্তিশালী করতে সরকার কাজ করছে। ‘মঙ্গল শোভাযাত্রা’ নাম পরিবর্তন নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “মঙ্গল শোভাযাত্রা আর আনন্দ শোভাযাত্রার মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই—দুটিতেই আনন্দের প্রকাশ রয়েছে।”

তিনি আরও বলেন, রাজনৈতিক মতভেদ থাকলেও সমাজে সহাবস্থান ও ঐক্য বজায় রাখা জরুরি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ