Views Bangladesh Logo

গর্ভনিরোধক সামগ্রীর ব্যবহার বাড়াতে চায় সরকার

ব্যক্তিগত উদ্যোগে দেশে গর্ভনিরোধক সামগ্রীর ব্যবহার বাড়াতে চায় সরকার। এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেন, ‘বর্তমানে দেশের ৫০ শতাংশ মানুষ ব্যক্তিগত উদ্যোগে গর্ভনিরোধক সামগ্রী কিনে ব্যবহার করেন। যথাযথ সচেতনতা বাড়াতে পারলে এটি ৭০ শতাংশে উন্নীত করা সম্ভব। ফলে সরকারের ওপর চাপ কমবে এবং সেই সম্পদ জনস্বাস্থ্য উন্নয়নে ব্যয় করা যাবে।’

বৃহস্পতিবার (৭ মে) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বাংলাদেশে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও জাতীয় পরিবার পরিকল্পনা কর্মসূচি’ শীর্ষক এক নীতি সংলাপে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। সংলাপটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ হেলথ ওয়াচ ও সুইডেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘মাঠপর্যায়ের সেবায় কাজের দ্বৈততা কমাতে নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমানে স্বাস্থ্য মন্ত্রণালয়, পরিবার পরিকল্পনা এবং কমিউনিটি ক্লিনিকের অধীনে প্রায় ৪০ হাজার কর্মী তিন-চার ভাগে বিভক্ত হয়ে কাজ করছেন।’

সরকার আরও এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা করছে জানিয়ে তিনি বলেন, ‘বর্তমান ও নতুন মিলিয়ে মোট এক লাখ ৪০ হাজার কর্মীকে একটি সমন্বিত কাঠামোর অধীনে আনা হবে। তাদের সবার জন্য একই ধরনের কর্মবিবরণী এবং অপরিহার্য সেবা প্যাকেজ নিশ্চিত করা হবে, যাতে সেবার মান অভিন্ন থাকে।’

তিনি আরও বলেন, ‘এখন থেকে শুধু জনসংখ্যা নিয়ন্ত্রণ নয়, বরং সামগ্রিক স্বাস্থ্য উন্নয়ন, রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির ওপর বেশি জোর দেওয়া হবে। একই বাড়িতে তিনবার আলাদা কর্মী যাওয়ার ফলে যেমন দ্বৈততা তৈরি হয়, তেমনি দূরবর্তী অনেক বাড়ি বাদ পড়ে যায়। সমন্বিত কাঠামো হলে এই সেবার ফাঁক আর থাকবে না।’

স্বাস্থ্য ব্যবস্থার পুনর্গঠন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের সরকারের স্বাস্থ্য পরিকল্পনার মূল ভিত্তি হচ্ছে প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করা। আমরা এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা গড়তে চাই যা সম্পূর্ণ পুনর্গঠিত ও আধুনিক। পরিবার পরিকল্পনার বর্তমান কাঠামোটি বোঝা নয়, বরং বড় সম্পদ। তবে সময়ের প্রয়োজনে এই ব্যবস্থায় পরিবর্তন আনতেই হবে।’

স্বাস্থ্য খাতের অর্থায়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘অর্থের চেয়েও বড় চ্যালেঞ্জ হলো অদক্ষতা এবং সময়মতো বাস্তবায়ন করতে না পারা। সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার পরিকল্পনা করছে এবং পর্যায়ক্রমে স্বাস্থ্য বাজেটের আকার বাড়ানোর লক্ষ্য রয়েছে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ