আগামী সপ্তাহে তেহরান থেকে প্রথম দফায় বাংলাদেশিদের ফিরিয়ে আনার পরিকল্পনা
ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইরানের তেহরানে অবস্থানরত যেসব বাংলাদেশি স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী, তাঁদের প্রথম দলকে আগামী সপ্তাহে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রস্তুতি নিচ্ছে সরকার।
রবিবার, (২২ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইরানে যুদ্ধ পরিস্থিতির ক্রমাগত অবনতির কারণে সেখানকার অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে। ইরানের প্রতিবেশী দেশগুলোর সহযোগিতায় এ প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আগামী সপ্তাহের মধ্যে প্রথম দফার বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করছে। ধাপে ধাপে অন্যান্য বাংলাদেশিদেরও দেশে ফিরিয়ে আনা হবে বলে আশা করা হচ্ছে। এই প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করা হচ্ছে।
এই প্রেক্ষাপটে যারা দেশে ফিরতে ইচ্ছুক, তাঁদেরকে অনুরোধ করা হয়েছে বাংলাদেশ দূতাবাস, তেহরানের মাধ্যমে নাম, ঠিকানা ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য নিবন্ধনের জন্য।
সহায়তার প্রয়োজন হলে আগ্রহী ব্যক্তিরা বা বাংলাদেশে অবস্থানরত তাঁদের আত্মীয়স্বজন নিচের হটলাইন নম্বরগুলোতে (হোয়াটসঅ্যাপসহ) যোগাযোগ করতে পারেন: বাংলাদেশ দূতাবাস, তেহরান: +98 990 857 7368, +98 912 206 5745, পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা: +880 171 201 2847।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে