Views Bangladesh Logo

নতুন আইনে নতুন নামে এলিট ফোর্স গঠনের পরিকল্পনা: স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন আইনে নতুন নামে এলিট ফোর্স গঠনের পরিকল্পনা করছে সরকার। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ কথা জানান। তিনি বলেন, শিগগিরই এ-সংক্রান্ত আইন প্রণয়ন করা হবে এবং সেই আইনের আওতায় নতুন এলিট ফোর্স পরিচালিত হবে।

সোমবার (১৮ মে) র‍্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর কুর্মিটোলায় র‍্যাব সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

র‍্যাবের নিজস্ব কোনো আইন নেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ব্যাটালিয়নের একটি আইনের অধীনে এতদিন বাহিনীটি পরিচালিত হয়ে আসছে, যা যথাযথ ছিল না। নতুন আইনে এলিট ফোর্সের কর্তৃপক্ষ ও দায়িত্ব সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা হবে এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। র‍্যাবের নাম বহাল রাখা হবে কি না, নাকি সম্পূর্ণ নতুন বাহিনী গঠন করা হবে— তা এখনো বিবেচনাধীন বলে তিনি উল্লেখ করেন।

র‍্যাবের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ফ্যাসিবাদী শাসনামলে রাষ্ট্রের প্রতিটি বাহিনীই ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু কর্মকর্তার কারণে র‍্যাব রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হওয়ায় যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছিল। তবে প্রতিষ্ঠান হিসেবে র‍্যাব দায়ী নয় বলে তিনি মনে করেন। তার মতে, নতুন নামে বাহিনী গঠিত হলে যুক্তরাষ্ট্র বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করতে পারে।

ভবিষ্যতে এলিট ফোর্স আবার রাজনৈতিক হাতিয়ারে পরিণত হবে কি না— এমন প্রশ্নের জবাবে মন্ত্রী পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘গত তিন মাসে কি পুলিশ বা অন্য কোনো বাহিনী রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে? সুতরাং মর্নিং শোজ দ্য ডে।’

অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমানবাহিনীর শীর্ষ কর্মকর্তা, পুলিশের মহাপরিদর্শক এবং বিভিন্ন ব্যাটালিয়নের অধিনায়করা উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ