বগুড়ায় ১০,৫০০ ফুটের রানওয়ে বিশিষ্ট বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা সরকারের
বগুড়ায় ১০ হাজার ৫০০ ফুট দীর্ঘ রানওয়ে বিশিষ্ট একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা করছে সরকার, যা অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক—উভয় ধরনের বড় বিমান চলাচলের উপযোগী হবে। বৃহস্পতিবার (৭ মে) বগুড়া বিমানবন্দর এলাকা পরিদর্শনকালে এই তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
বগুড়া বিমানবন্দরকে উত্তরাঞ্চলের প্রধান এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে প্রস্তাবিত সম্প্রসারণ পরিকল্পনা পর্যালোচনার জন্য সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা এই পরিদর্শনে অংশ নেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, এই প্রকল্পের আওতায় একটি আধুনিক কার্গো ফ্যাসিলিটি (পণ্য পরিবহন সুবিধা) স্থাপন করা হবে। এই কার্গো সুবিধা উত্তরাঞ্চলের কৃষি ও শিল্পপণ্যসহ রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, ‘আমরা এখানে ১০,৫০০ ফুটের রানওয়ে নির্মাণের পরিকল্পনা করছি, যাতে দেশীয় ও আন্তর্জাতিক বড় উড়োজাহাজগুলো অবতরণ করতে পারে।’
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এই পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়েছে। তিনি যোগ করেন, সরকারের লক্ষ্য হলো বগুড়াকে দেশের অন্যতম প্রধান এভিয়েশন হাবে রূপান্তর করা।
তিনি আরও বলেন, ‘একটি বৃহৎ এভিয়েশন উদ্যোগের যাত্রা এই বগুড়া থেকেই শুরু হতে যাচ্ছে। এই অঞ্চলের অপার সম্ভাবনা রয়েছে এবং উন্নত যোগাযোগ ও বিমান অবকাঠামোর মাধ্যমে আমরা সেই সম্ভাবনাকে কাজে লাগাতে চাই।’
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, উত্তরাঞ্চলের যোগাযোগ, বাণিজ্য ও এভিয়েশন খাতে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে বগুড়া বিমানবন্দরকে সম্প্রসারণের মাধ্যমে পাইলট ট্রেনিং একাডেমি ও কার্গো ফ্যাসিলিটি স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার।
পরিদর্শনকালে এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার এনডিসিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিমানবন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে