Views Bangladesh Logo

দেশের প্রত্যন্ত অঞ্চলে হেলথ হাব গড়ে তোলা হবে: স্বাস্থ্যমন্ত্রী

গ্রামাঞ্চলের মানুষকে চিকিৎসার জন্য যেন শহরমুখী হতে না হয়, সে লক্ষ্যে স্থানীয় পর্যায়েই প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে হেলথ হাব গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের।

রোববার (৯ আগস্ট) সকালে চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শনের সময় হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবার পরিস্থিতি দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন।

হাসপাতালের বিভিন্ন কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখার পর অব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। একই সঙ্গে চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. নুর আলম দীনকে স্ট্যান্ড রিলিজের নির্দেশ দেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গ্রামের মানুষকে চিকিৎসার জন্য শহরে ছুটে যেতে হলে স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্দেশ্য পূরণ হবে না। তাই উপজেলা ও গ্রাম পর্যায়ে প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যসেবার অবকাঠামো আরও শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

দেশের বর্তমান স্বাস্থ্যখাতের পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বিগত সরকারের সময় স্বাস্থ্যখাতে যথাযথ নজর দেওয়া হয়নি বলে অভিযোগ করেন। তাঁর দাবি, সে সময় অতিরিক্ত দামে চিকিৎসা সরঞ্জাম কেনার মাধ্যমে সরকারি অর্থের অপচয় ও আত্মসাৎ করা হয়েছে।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের চিকিৎসাসেবা, ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। এ সময় চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ