কুয়াকাটা বা পটুয়াখালীতে বিমানবন্দর করার চেষ্টা করছি: প্রতিমন্ত্রী
কুয়াকাটা অথবা পটুয়াখালীতে একটি বিমানবন্দর নির্মাণের চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেছেন, সেখানে অভ্যন্তরীণ ফ্লাইট চালু করা গেলে স্থানীয় মানুষের যাতায়াতে অনেক সুবিধা হবে।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গলাচিপা উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত এক সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, ‘আমরা চেষ্টা করছি, কুয়াকাটা অথবা পটুয়াখালীতে একটা এয়ারপোর্ট তৈরির। সেখানে যাতে একটা অভ্যন্তরীণ ফ্লাইট চালু করা যায়। তাহলে মানুষের অনেক সুবিধা হবে।’
প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, দায়িত্ব পাওয়ার পর প্রবাসীদের জন্য কিছু করার চেষ্টা করছেন তিনি।
দেশের ১৮ কোটি মানুষের সবার কর্মসংস্থান করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, বৈদেশিক কর্মসংস্থানের বাজার কীভাবে আরও সম্প্রসারণ করা যায়, তা নিয়ে কাজ করা হচ্ছে।
তিনি বলেন, ‘আমাদের প্রবাসীরা শুধু নিচু স্তরে কাজ না করে, যাতে উচ্চ স্তরেও কাজ করতে পারে, সেটা নিয়েও কাজ করে যাচ্ছি।’
সরকারি কর্মকর্তাদের দীর্ঘদিন একই পদে থাকার বিষয়ে সমালোচনা করে নুরুল হক নুর বলেন, স্বাভাবিকভাবে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘ সময় একটি দায়িত্বে থাকলে সেখানে সিন্ডিকেট তৈরি হওয়ার সুযোগ থাকে। এ কারণে তাঁদের বদলি করা হয়। তবে অনেকে তদবির করে পাঁচ থেকে সাত বছর একই জায়গায় থেকে যান।
তার মতে, একজন কর্মকর্তাকে তিন বছরের বেশি একই পদে রাখা উচিত নয়। এতে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে।
দেশের দুর্নীতি ও অনিয়ম প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন ধরে চলে আসা এসব সমস্যা রাতারাতি দূর করা সম্ভব নয়। তবে ধীরে ধীরে এগুলো কমিয়ে আনতে হবে।
মতামত দিন