বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ
সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও সংস্থার অধীন বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে থাকা সব কমিটি পুনর্গঠন ও হালনাগাদের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। একই সঙ্গে পুনর্গঠিত কমিটিগুলোর তথ্য আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাতে বলা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ বিষয়ে চিঠি জারি করা হয়। এতে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-২ মো. আশরাফুল ইসলাম।
চিঠিতে বলা হয়েছে, সরকারের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন ও পরিচালনার জন্য স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরে একাধিক কমিটি গঠন করা হয়েছে। তবে পর্যালোচনায় দেখা গেছে, এসব কমিটির বেশির ভাগই কয়েক বছর আগে গঠিত হওয়ায় বর্তমানে সদস্য ও কাঠামোর দিক থেকে হালনাগাদ নেই। আবার কিছু কমিটির প্রজ্ঞাপন ও কার্যক্রমসংক্রান্ত তথ্যও পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় বিদ্যমান কমিটিগুলো নতুন করে পুনর্গঠন ও হালনাগাদের প্রয়োজনীয়তার কথা জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
নির্দেশনায় কমিটি পুনর্গঠনের ক্ষেত্রে স্থানীয় পর্যায়ের সংশ্লিষ্ট অংশীজনদের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ জন্য প্রতিটি পুনর্গঠিত কমিটিতে স্থানীয় পর্যায়ের তিনজন গণ্যমান্য ব্যক্তিকে সদস্য করার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে অন্তত একজন নারী থাকতে হবে। সংশ্লিষ্ট কমিটির সভাপতি বা আহ্বায়ক ওই তিন সদস্যকে মনোনয়ন দেবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠিতে আরও বলা হয়েছে, সংযুক্ত তালিকায় থাকা অগ্রাধিকারভুক্ত ৯৮টি কমিটিসহ মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও সংস্থার অধীন বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের বিদ্যমান অন্যান্য সব কমিটিও হালনাগাদ করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে কমিটি পুনর্গঠন ও হালনাগাদ করে আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে এ-সংক্রান্ত তথ্য প্রধানমন্ত্রীর কার্যালয়কে অবহিত করতে বলা হয়েছে। এ উদ্যোগের ফলে স্থানীয় পর্যায়ে সরকারি কার্যক্রমে অংশীজনের প্রতিনিধিত্ব বাড়ার পাশাপাশি সমন্বয় ও জবাবদিহিতা আরও কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
মতামত দিন