Views Bangladesh Logo

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টায় অফিসে থাকা বাধ্যতামূলক

 VB  Desk

ভিবি ডেস্ক

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ নিজ অফিসে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সোমবার (১ মার্চ) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত একটি পরিপত্রে এই নির্দেশনা জারি করা হয়।

পরিপত্রে জানানো হয়েছে, অনেক সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অফিসে পৌঁছাতে দেরি করেন নানা দাপ্তরিক বা ব্যক্তিগত কারণে, যেমন সেমিনার, কর্মশালা, সিম্পোজিয়াম, প্রশিক্ষণ সেশন, কিংবা ব্যাংক, হাসপাতাল ও স্কুল পরিদর্শন। এর ফলে তারা নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত হতে পারেন না।

এ পরিস্থিতি মোকাবিলায় এবং জনসেবা কার্যক্রমে গতি আনতে, সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিসে উপস্থিত থাকতে হবে।

এ সময়ের মধ্যে কোনো দাপ্তরিক কাজের পরিকল্পনা এমনভাবে সাজাতে হবে যাতে এই সময়টুকু বিঘ্নিত না হয়।

‘সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯’ এবং ‘সচিবালয় নির্দেশমালা, ২০২৪’ অনুযায়ী সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে আসা ও যাওয়া বাধ্যতামূলক।

তবে কিছু ক্ষেত্রেও এই নিয়ম শিথিল থাকবে। যেমন— শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানে যারা প্রশাসনিক দায়িত্বে নেই, হাসপাতাল, জেলখানা, গণমাধ্যম বা নিরাপত্তা সংক্রান্ত প্রতিষ্ঠানে যারা রোস্টার ডিউটিতে আছেন, এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এছাড়া, ভিভিআইপি বা ভিআইপি প্রটোকল সেবা প্রদান, বড় দুর্ঘটনার মোকাবিলা, উন্নয়ন সহযোগী বা কূটনৈতিক মিশনের সাথে গুরুত্বপূর্ণ সভায় অংশগ্রহণ, এবং অনুমোদিত সরকারি সফরের জন্য কর্মস্থল ত্যাগ করা যাবে। তবে, এসব ক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া অন্য কোনো কারণে কর্মস্থল ত্যাগ করা যাবে না।

এ পরিপত্রে বলা হয়েছে, দাপ্তরিক কাজ ছাড়া অফিস চলাকালীন সময়ে অফিস ত্যাগ করা নিষিদ্ধ, এবং এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ