Views Bangladesh Logo

কুমল্লিায় যুবদল নেতার মৃত্যু: জরুরি তদন্তের নির্দেশ সরকারের

 VB  Desk

ভিবি ডেস্ক

কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে যুবদল নেতাকে আটকের পর মৃত্যুর ঘটনায় জরুরি তদন্তের নির্দেশ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

শনিবার (১ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যেকোনো ধরনের হেফাজতে নির্যাতন ও হত্যার কঠোর নিন্দা জানিয়েছেন। সেই সঙ্গে যুবদল নেতার মৃত্যুর বিষয়ে জরুরি তদন্তের নির্দেশ দিয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, পুলিশ কুমিল্লায় তরুণ তৌহিদুল ইসলামকে হাসপাতালে নিয়ে যায়, যিনি নিরাপত্তা বাহিনীর দ্বারা আহত হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। শুক্রবার ভোরের দিকে অভিযোগের ভিত্তিতে তাকে বাড়ি থেকে আটক করা হয়। অন্তর্বর্তীকালীন সরকার তার মৃত্যুর বিষয়ে জরুরি তদন্তের নির্দেশ দিয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূস যেকোনো ধরনের হেফাজতে নির্যাতন ও হত্যার কঠোর নিন্দা জানিয়েছেন উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়েছে, জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে মানবাধিকার রক্ষা করা এই সরকারের মূল লক্ষ্য, যেখানে দেশের শীর্ষস্থানীয় মানবাধিকার কর্মীরা অন্তর্ভুক্ত রয়েছেন। সরকার ইতোমধ্যে দেশের অপরাধ বিচার ব্যবস্থা সংস্কারের জন্য একাধিক কমিশন গঠন করেছে। অধিকাংশ কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে।

বিবৃতিতে বলা হয়, অপরাধ তদন্ত, অপরাধ ব্যবস্থাপনা এবং বিচারিক প্রক্রিয়ায় মানবাধিকার লঙ্ঘনের সব সুযোগ নির্মূল করতে অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে অর্থবহ সংলাপ চালাবে। এই সংস্কার বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ।

এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এই অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনা তদন্তে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইতো মধ্যে, উক্ত সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া, মৃত্যুর সঠিক কারণ উদ্‌ঘাটনে একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

এর আগে কুমিল্লায় যৌথ বাহিনী তুলে নেয়ার পর হাসপাতালে তৌহিদুলের লাশ পেয়েছে তার পরিবার। শুক্রবার বেলা সাড়ে ১২টায় তার মৃত্যুর খবর পাওয়া যায়। তবে কখন তার মৃত্যু হয়েছে সে তথ্য জানা যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যুর তথ্য জানিয়েছেন তার ভাই আবুল কালাম ও স্থানীয় সাইফুল ইসলাম।

তৌহিদুল কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের পাঁচথুবী গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। তিনি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন। রাজনীতির পাশাপাশি তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন।

তবে তৌহিদুল হত্যার ঘটনায় এখন পর্যন্ত (শুক্রবার রাত সাড়ে ১০টা) কোন মামলা হয়নি বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ