জেলা পরিষদের চেয়ারম্যান ও প্রশাসকদের রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিতের নির্দেশ
রাষ্ট্রীয় অনুষ্ঠান, জাতীয় দিবস, সরকারি সভা এবং অন্যান্য প্রটোকলিক আয়োজনে জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানদের প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করতে দেশের সব জেলা প্রশাসককে (ডিসি) নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এ ক্ষেত্রে ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স, ১৯৮৬ (জুলাই ২০২০ পর্যন্ত সংশোধিত)’ কঠোরভাবে অনুসরণের কথা বলা হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে গত ৩০ জুলাই এ–সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। পরে দেশের সব জেলা প্রশাসকের কাছে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, রাষ্ট্রীয় অনুষ্ঠান, জাতীয় দিবস, সরকারি সভা এবং অন্যান্য আনুষ্ঠানিক আয়োজনের আসন বিন্যাস, আমন্ত্রণপত্রে নামের ক্রম নির্ধারণ, সরকারি চিঠিপত্র এবং সব ধরনের প্রটোকলিক কার্যক্রমে ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স, ১৯৮৬ (জুলাই ২০২০ পর্যন্ত সংশোধিত)’ যথাযথভাবে অনুসরণ করতে হবে। এর মাধ্যমে জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানদের আইন অনুযায়ী প্রাপ্য মর্যাদা ও সম্মান নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার বিভাগ সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও প্রতিষ্ঠানের প্রতি এ নির্দেশনা কার্যকরভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। এ নির্দেশনার অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, বিভাগীয় কমিশনার, স্থানীয় সরকার বিভাগের সচিব, পুলিশ কমিশনার, জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর একান্ত সচিবসহ সংশ্লিষ্ট ১১টি দপ্তরে পাঠানো হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব খোন্দকার ফরহাদ আহমদের সই করা নির্দেশনায় বলা হয়েছে, সরকারি অনুষ্ঠান ও অন্যান্য প্রটোকলিক কার্যক্রমে রাষ্ট্রীয় অগ্রাধিকার তালিকা যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
স্থানীয় সরকার বিভাগের আশা, নতুন এই নির্দেশনা বাস্তবায়িত হলে জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি অনুষ্ঠান ও রাষ্ট্রীয় আয়োজনে জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানরা তাদের প্রাপ্য রাষ্ট্রীয় প্রটোকল ও মর্যাদা যথাযথভাবে পাবেন।
সূত্র: বাসস
মতামত দিন