Views Bangladesh Logo

ফেসবুকে নেতিবাচক পোস্ট করা প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক করে নেতিবাচক পোস্টদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।

মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও শিশু কল্যাণ ট্রাস্টকে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিছু শিক্ষক ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার, সরকারি দপ্তর ও বিভিন্ন সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে কটূক্তি, অপপ্রচার ও আপত্তিকর পোস্ট করছেন কিংবা সেসব পোস্ট শেয়ার করছেন। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে উল্লেখ করা হয়।

মন্ত্রণালয় জানায়, সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগ প্রণীত ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯’ সব সরকারি কর্মচারীর জন্য বাধ্যতামূলক। এই নির্দেশিকা অমান্য করা সরকারি চাকরি বিধির সুস্পষ্ট লঙ্ঘন এবং সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা, ২০১৮ অনুযায়ী অসদাচরণ হিসেবে গণ্য হবে।

এ অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি, অপপ্রচার বা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নকারী পোস্টে জড়িত শিক্ষকদের চিহ্নিত করে জরুরিভিত্তিতে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে গৃহীত পদক্ষেপ সম্পর্কে মন্ত্রণালয়কে অবহিত করতেও বলা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ