সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণির ভর্তিতে লটারি প্রথা বাতিল
সরকার দেশের সরকারি ও বেসরকারি পর্যায়ের মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারি প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি পদ্ধতি বাতিল করেছে। আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে মঙ্গলবার (১৭ মার্চ) এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের উপসচিব মুন্না রাণী বিশ্বাস স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, বর্তমানে সারা দেশে সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি লটারির মাধ্যমে পরিচালিত হচ্ছে। তবে ২০২৭ শিক্ষাবর্ষ থেকে লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া বন্ধ থাকবে।
আদেশে আরও বলা হয়েছে, লটারি পদ্ধতি বাতিলের পর শিক্ষার্থী ভর্তি কার্যক্রম অংশীজনদের মতামলের ভিত্তিতে পরিচালিত হবে। এর ফলে পূর্বে ১৩ ও ১৯ নভেম্বর ২০২৫ তারিখে জারি করা সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির নীতিমালা বাতিল করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, লটারি পদ্ধতির পরিবর্তে মেধা যাচাই বা অন্য বৈজ্ঞানিক পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি বিষয়টি এখন সংশ্লিষ্ট মহলে আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে।
শিক্ষাব্যবস্থার গুণগত মান নিশ্চিত করতে এবং শিক্ষার্থী ও অভিভাবকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গত সোমবার (১৬ মার্চ) এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে