Views Bangladesh Logo

১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির অনুমোদন দিল সরকার

দেশের জ্বালানি চাহিদা পূরণ ও সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে প্রায় ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির অনুমোদন দিয়েছে সরকার। আগামী জুন থেকে আগস্ট ২০২৬ সময়ের জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এসব জ্বালানি তেল কেনা হবে।

বুধবার (১০ জুন) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত চারটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা যায়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) গ্যাস অয়েল, জেট ফুয়েল, ফার্নেস অয়েল এবং গ্যাসোলিন আমদানি করবে।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, প্যাকেজ পিজি-০১-এর আওতায় সিঙ্গাপুরভিত্তিক ইউনিপ্যাক সিঙ্গাপুর পিটিই লিমিটেডের কাছ থেকে গ্যাস অয়েল (০.০০৫ শতাংশ সালফার) ও জেট এ-১ কেনা হবে। এ প্যাকেজে ব্যয় ধরা হয়েছে প্রায় ৭ হাজার ৬৭৩ কোটি টাকা।

প্যাকেজ পিজি-০২-এর আওতায় একই ধরনের জ্বালানি তেল আমদানিতে ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেডকে প্রায় ৬ হাজার ৭১২ কোটি টাকার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

এ ছাড়া পিজি-০৩ প্যাকেজের অধীনে ট্রাফিগুরা প্রাইভেট লিমিটেডের কাছ থেকে ফার্নেস অয়েল (১৮০ সিএসটি) আমদানিতে প্রায় ১ হাজার ৯০০ কোটি টাকা ব্যয় হবে।

অন্যদিকে পিজি-০৪ প্যাকেজে ভিটল এশিয়ার মাধ্যমে গ্যাসোলিন-৯৫ আনলেডেড আমদানির জন্য প্রায় ৭৪৯ কোটি টাকার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

সরকারি কর্মকর্তারা জানান, এসব জ্বালানি তেল আমদানির মাধ্যমে দেশের বিদ্যুৎ উৎপাদন, শিল্প ও পরিবহন খাতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ