সরকারি খাতে ব্যয় কমাতে জ্বালানি-বিদ্যুৎ ও গ্যাস ব্যবহার ৩০% কমানোর নির্দেশ
সরকারি ব্যয় সংকোচনের অংশ হিসেবে রাষ্ট্রীয় দপ্তরগুলোতে জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাসের ব্যবহার ৩০ শতাংশ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সরকারি কাজে ব্যবহৃত গাড়ির জন্য বরাদ্দ জ্বালানির ৩০ শতাংশ কম গ্রহণ করবেন।
শুক্রবার (৩ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এর আগে বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি খাতে ব্যয় কমানোর উদ্দেশ্যে নতুন গাড়ি, জলযান, উড়োজাহাজ এবং কম্পিউটার ক্রয় সম্পূর্ণভাবে বন্ধ রাখতে হবে। এছাড়া সরকারি অফিস ও যানবাহনের জ্বালানি ব্যবহার ৩০ শতাংশ কমানো বাধ্যতামূলক করা হয়েছে।
আরও বলা হয়, আবাসিক ভবনের সৌন্দর্যবর্ধন ব্যয় ২০ শতাংশ এবং অনাবাসিক ভবনের ক্ষেত্রে ৫০ শতাংশ কমাতে হবে।
এদিকে আপাতত ভূমি অধিগ্রহণ কার্যক্রম পুরোপুরি স্থগিত রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে