Views Bangladesh Logo

চট্টগ্রাম বন্দরের পরিচালনায় বিদেশি প্রতিষ্ঠান নিয়োগের চিন্তা সরকারের

 VB  Desk

ভিবি ডেস্ক

ট্টগ্রাম বন্দরসহ দেশের অন্যান্য সমুদ্র ও স্থলবন্দর পরিচালনায় বিশ্বের অভিজ্ঞ কয়েকটি প্রতিষ্ঠানকে নিয়োগের কথা বিবেচনা করছে সরকার। শুক্রবার (২ মে) চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা জানান।

তিনি আশা প্রকাশ করেন, আগামী সেপ্টেম্বরের মধ্যেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।

বিদেশি অপারেটর আনার যৌক্তিকতা নিয়ে এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, ‘চট্টগ্রাম বন্দর বর্তমানে বৈশ্বিক বিনিয়োগকারীদের চাহিদা অনুযায়ী কার্গো পরিচালনা করতে পারছে না। স্থানীয় অপারেটররা, বিশেষ করে সাইফ পাওয়ারটেক, সক্ষমতার সীমাবদ্ধতার কারণে বন্দরে পণ্যজট নিরসনে হিমশিম খাচ্ছে।’

তিনি বলেন, দেশের অর্থনীতির ভবিষ্যৎ প্রবৃদ্ধি চট্টগ্রাম বন্দরের দক্ষতা ও সক্ষমতার উপর নির্ভর করছে। বন্দরের সক্ষমতা বাড়ানো ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই। পাশাপাশি পতেঙ্গা টার্মিনাল, বে টার্মিনাল ও মাতারবাড়ী বন্দরের সক্ষমতাও বাড়াতে হবে।’

শফিকুল জানান, সরকার এমন কিছু প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করছে, যারা বিশ্বের ৫০ থেকে ১০০টি বন্দর পরিচালনার অভিজ্ঞতা রাখে।

দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে চট্টগ্রাম ও এর আশপাশের বন্দরের সম্মিলিত কনটেইনার পরিচালন ক্ষমতা ১২.৭ লাখ টিইইউ (টোয়েন্টি ফুট ইকুইভ্যালেন্ট ইউনিট)। ২০৩০ সালের মধ্যে এই সক্ষমতা ৭৮.৬ লাখ টিইইউতে উন্নীত করার লক্ষ্য নিয়েছে সরকার।

এক টিইইউ হলো ২০ ফুট লম্বা একটি স্ট্যান্ডার্ড কনটেইনারের সমান মাপ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ