Views Bangladesh Logo

মাঠ পর্যায় থেকে পর্যায়ক্রমে সেনাবাহিনী সরিয়ে নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির সন্তোষজনক উন্নতি হওয়ায় মাঠ পর্যায়ের দায়িত্ব থেকে পর্যায়ক্রমে সেনাবাহিনী সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে সচিবালয়ে সিলেট ও সুনামগঞ্জের পাথর উত্তোলন সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনশৃঙ্খলা রক্ষায় অনির্দিষ্টকালের জন্য মাঠ পর্যায়ে সেনাবাহিনী মোতায়েন রাখার পরিকল্পনা সরকারের নেই। তিনি উল্লেখ করেন, “বর্তমানে একটি নির্বাচিত সরকার দায়িত্ব পালন করছে। পুলিশ বাহিনীকে একটি সুশৃঙ্খল ও কার্যকর অবস্থানে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।”

সম্প্রতি এ সংক্রান্ত বিভিন্ন প্রতিবেদনের কথা উল্লেখ করা হলে মন্ত্রী জানান, রাস্তাঘাট ও মাঠ পর্যায় থেকে সেনাবাহিনী মোতায়েন ধাপে ধাপে কমিয়ে আনার বিষয়ে ইতোমধ্যে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই প্রত্যাহারের সুনির্দিষ্ট প্রক্রিয়া ও কৌশল কী হবে, তা পুলিশ, সেনাবাহিনী এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে নির্ধারণ করা হবে।

সারাদেশে চলমান অপরাধবিরোধী অভিযান প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি বলেন, ‘সময় এখনো ফুরিয়ে যায়নি। আপনারা লক্ষ্য করলে দেখবেন প্রতিদিন অভিযান চলছে এবং কুখ্যাত অপরাধীদেরকে নিয়মিত গ্রেপ্তার করা হচ্ছে। যৌথ বাহিনীর পাশাপাশি এককভাবেও বিভিন্ন বাহিনী কাজ করছে।’

অভিযানে ‘বড় গডফাদারদের’ ধরা হচ্ছে না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আইনের ঊর্ধ্বে কেউ নয়। আমরা অপরাধীদের যথাযথ তালিকা তৈরি করছি এবং সেই অনুযায়ী অভিযান পরিচালনা করা হচ্ছে। সরকারের এই পদক্ষেপের ফলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। তবে এ বিষয়ে কারো ভিন্নমত থাকতে পারে।’

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট জেলাগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ