Views Bangladesh Logo

খালেদা জিয়ার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে উদ্যোগ নিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আজকের দিনেই বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জন্মগ্রহণ করেছিলেন। এই দিনে প্রধানমন্ত্রীর নির্দেশে শিক্ষকদের অশ্রু মুছতে সরকার উদ্যোগ নিয়েছে।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্টের সুবিধা প্রদানের অর্থ বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ২ হাজার ১০০ কোটি টাকা দিয়ে দেশের ৭০ হাজারের বেশি শিক্ষককে অবসর সুবিধা ও কল্যাণ ভাতা দেওয়া হচ্ছে। আজকের দিনটি জাতির ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।

তিনি বলেন, আজ সারা দেশে ৭০ হাজার ১৯ জন শিক্ষককে তাদের অবসর ভাতা এবং ৫৩ হাজার শিক্ষককে কল্যাণ ভাতা দেওয়া হচ্ছে। তাই জাতির ইতিহাসে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ডের কর্মসূচির আওতায় শিক্ষা মন্ত্রণালয় থেকে আরও কয়েকটি কাজ করা সম্ভব হয়নি। তবে শিক্ষকদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ বিতরণের এই উদ্যোগকে তিনি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেন।

এ সময় তিনি বলেন, শিক্ষকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সরকার কাজ করছে এবং তাদের প্রাপ্য সুবিধা নিশ্চিত করার উদ্যোগ অব্যাহত থাকবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ